ভোরের কন্ঠঃ শিক্ষার্থীরা মদ্যপান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ধরা পড়লে সেই ছবি তুলে অভিভাবকদের কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে চীনের একটি বিশ্ববিদ্যালয়। ইউনান প্রদেশের ইউনান আর্টস ইউনিভার্সিটি সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে কেনিউজ।
প্রতিষ্ঠানটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কেউ যদি মদ্যপান করে ধরা পড়ে তবে সেই ছবি তুলে অভিভাবকদের কাছে পাঠানো হবে এবং তাদের বিশ্ববিদ্যালয়ে ডেকে সন্তানদের শিক্ষাদানে সহায়তা করতে বলা হবে।
তবে বিশ্ববিদ্যালয়টির জন্য এ ধরনের সিদ্ধান্ত এবারই প্রথম নয়। শিক্ষার্থীদের মধ্যে অ্যালকোহল বন্ধ করার জন্য এর আগেও এমন সিদ্ধান্ত নিয়েছিল তারা।
এক শিক্ষার্থী বলেছেন, ক্যাম্পাসের পাশেই একটি বার। শিক্ষার্থীরা যেন সেখানে যেতে না পারেন সেজন্য গেল সেমিস্টারে কয়েকজন শিক্ষক মেগাফোন নিয়ে সেখানে টহলও দিয়েছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে অনেক শিক্ষার্থী সমর্থনও দিয়েছেন।
একজন বলেন, আমি মনে করি এটা খুবই ভালো সিদ্ধান্ত। অনেক সময় দেখা যায় মাতাল শিক্ষার্থীরা অনেক জোরে কথা বলেন এবং রাতের বেলায় ক্যাম্পাসে মাতাল অবস্থায় হাঁটাহাঁটি করেন। এতে অনেকেই প্রভাবিত হন এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কেও অন্যদের মধ্যে একটি খারাপ ধারনার সৃষ্টি হয়।

