একাত্তর বাংলাঃ বেগম জিয়াকে কারাগারে রাখাই প্রমাণ করে, স্বাধীনতার চেতনা এখনও অর্জিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্বাধীনতা দিবস উপলক্ষে রোববার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি একথা বলেন। বিএনপি চেয়ারপারসনসহ সব রাজবন্দিদের মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।
এসময় মির্জা ফখরুলের সঙ্গে বিএনপি’র স্থায়ী কমিটির ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাসসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, আজকের এই স্বাধীনতা দিবসে দেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, দেশের গণতন্ত্রের মাতা কারারুদ্ধ হয়ে আছেন। ষড়যন্ত্র করে খালেদা জিয়াসহ দল ও অঙ্গ-সংগঠনের হাজারো নেতাকর্মীকে কারারুদ্ধ রাখা হয়েছে।
তিনি আরও বলেন, গণতন্ত্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। মানুষের অধিকার কেড়ে নেয়া হয়েছে। ভোটের অধিকার, বেঁচে থাকার অধিকারসহ সব অধিকার হরণ হয়ে গেছে।

