ভোরের কন্ঠঃ অবশেষে জয়ের দেখা পেলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে তৌহিদুল আলম সবুজের হ্যাটট্রিকে, থাইল্যান্ড লিগ ওয়ানের ক্লাব ব্যাংকক গ্লাস এফসিকে ৪-৩ গোলে হারিয়েছে ওর্ড শিষ্য’রা।
থাই লিগের পয়েন্ট টেবিলের ১১ নম্বরে থাকা গ্লাস এফসির বিপক্ষে শুরু থেকেই আক্রমনাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ফলও আসে দ্রুত। ৬ মিনিটে সুফিলের গোলে এগিয়ে যায় টিম বাংলাদেশ। এর মিনিট দশেক পর সমতায় ফেরে স্বাগতিক’রা। তবে এর পর-ই শুরু হয় সবুজের ম্যাজিক। ঘরোয়া লিগের ফর্মটাকে জাতীয় দলের জার্সিতেও টেনে আনেন এই স্ট্রাইকার। ৩০ ও ৪২ মিনিটে তার করা দুর্দান্ত দুই গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে জামাল বাহিনী।
দ্বিতীয়ার্ধে শুরুতেই পরপর দুই গোলে ম্যাচ জমিয়ে তোলে গ্লাস এফসি। কিন্তু ম্যাচের ৮৭ মিনেটে জয়সূচক গোলের সঙ্গে নিজের হ্যাটট্রিক পূরণ করে সবুজ। দারুণ এ জয়ে আগামী ২৭শে মার্চ লাওসের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচের আগে আত্মবিশ্বাস ফিরে পেলো ওর্ড শিষ্য’রা।

