শহীদ জিয়া শিশু পার্কের নাম বদল করায় ছাত্রদলের নিন্দা
একাত্তর বাংলাঃ শাহবাগ জাতীয় শিশু পার্ক থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম বাদ দেয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ ।
এক বিবৃতিতে নেতৃ্দ্বয় বলেন, শহীদ জিয়া শিশু পার্ক থেকে শহীদ জিয়ার নাম পরিবর্তন করা সরকারের আগ্রাসী প্রতিহিংসার আরেকটি শিকারের ঘটনা।
শহীদ জিয়াউর রহমান ছিলেন শিশু অন্ত:প্রাণ। তিনি শিশুদেরকে খুবই ভালবাসতেন। আর এজন্যই তিনি বিটিভিতে নতুন কুঁড়ি নামে একটি অনুষ্ঠানেরও সূচনা করেছিলেন।
শিশুদের প্রতি তার ভালবাসার নিদর্শন স্বরুপ ‘জিয়াউর রহমান শিশু পার্কের’ নামকরণ করা হয়।
শুধু মাত্র প্রতিহিংসা আর রাজনৈতিক কারনে বিএনপি আর তার প্রতিষ্ঠাতাকে অবমূল্যায়ন করার চেষ্টা করা হচ্ছে। তারা বিএনপির জনপ্রিয়তায় ভীত হয়ে সবকিছু থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চায়। এটিও তার একটি নজির মাত্র।
নেতৃদ্বয় আরও বলেন, যে জিয়াউর রহমানের কন্ঠস্বরে পঠিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতার ষোষণা, যার নেতৃত্বে বাঙ্গালী ঝাপিয়ে পড়েছিল মুক্তির সংগ্রামে, সেই জিয়াকে যখন অবজ্ঞা করা হয়। তখন আসলে অবজ্ঞা করা হয় এই দেশকে, এই জাতিকে, এই দেশের স্বাধীনতাকে।স্থাপনা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মুছে ফেললেও দেশের মানুষ আর শিশুদের মন থেকে তাকে মুছে ফেলা যাবেনা।
তিনি আছেন এবং তিনি থাকবেন। যুগে যুগে শিশুরা জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারন করেই তার নামকে অমর করে রাখবে।

