একাত্তর বাংলাঃ গুলশানের হলি আর্টিজান হামলায় অস্ত্রের যোগানদাতা হাদিসুর রহমান সাগরকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের হেফাজতে নিয়েছে কাউন্টার টেররিজম ইউনিট।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলাম এই রিমান্ডের আদেশ দেন।
নব্য জেএমবির এই নেতাকে আদালতে তুলে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির সময় আসামি পক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।
এরআগে গতকাল (বুধবার) রাতে বগুড়ার শিবগঞ্জে অভিযান চালিয়ে সাগরসহ আকরাম হোসেন খান নিলয় নামে নব্য জেএমবির আরেক সদস্যকে আটক করা হয়।
আজ দুপুরে তাদের আটকের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তবে তাদের পুরো পরিচয় প্রকাশ করেনি ডিবি।
গোয়েন্দা পুলিশ জানায়, সাগর হলি আর্টিজান হামলার অন্যতম সমন্বয়ক এবং অস্ত্র সরবরাহকারী আর নিলয় নব্য জেএমবির মূল সমন্বয়ক ও অর্থের যোগানদাতা।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

