ভোরের কন্ঠঃ দেশের বাজারে প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২৮৩ টাকা কমেছে স্বর্ণের দাম। রোববার বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার থেকে নতুন দর কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ বিক্রি হবে ৫০ হাজার ৯শ’ ৭২ টাকায়। ১ হাজার দুইশ’ ২৪ টাকা কমে ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের নতুন দাম ৪৮ হাজার ৬শ’ ৯৮ টাকা। এদিকে স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।
শীতের শুরু থেকে কয়েক মাসের মধ্যে স্বর্ণের দাম কয়েক দফায় বেড়ে ভরি ৫০ হাজার টাকার উপরে ওঠে। সর্বশেষ স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল গত ২৬ জানুয়ারি।
এখন সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে (১১.৬৬৪ গ্রাম) এক হাজার ২৮৩ টাকা কমে হচ্ছে ৫০ হাজার ৭৫২ টাকা। অন্যান্য মানের স্বর্ণের দামও প্রায় একই হারে কমেছে।
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমায় স্থানীয় বাজারেও দাম কমানো হয়েছে বলে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দীলিপ কুমার আগারওয়াল জানিয়েছেন।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি সবচেয়ে ভালো মানের স্বর্ণ (২২ ক্যারেট) ৫০ হাজার ৭৫২ টাকায় বিক্রি হবে। ২১ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ৪৮ হাজার ৬৯৭ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ৪৩ হাজার ৬২৩ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে ২৬ হাজার ৪১৯ টাকায়।
রোববার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৫২ হাজার ২৫৫ টাকায় বিক্রি হয়। ২১ ক্যারেট স্বর্ণ বিক্রি হয় ৪৯ হাজার ৯২২ টাকায়। ১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হয় ৪৪ হাজার ৬৭৩ টাকায়।
সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ২৭ হাজার ৪১০ টাকা। এই হিসাবে ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে কমেছে এক হাজার ২৮৩ টাকা। ২১ ক্যারেটে কমেছে এক হাজার ২২৫ টাকা। ১৮ ক্যারেটে কমেছে এক হাজার ৫০ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে কমেছে ৯৫১ টাকা।

