ভোরের কন্ঠঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নরসিংদীতে শিক্ষকদের বই বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে পলাশ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ উৎসবের আয়োজন করা হয়।
এ সময় সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের এক হাজার ৫শ’ শিক্ষককে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী, বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়কসহ বিভিন্ন বই দেয়া হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মতিউর রহমান, ইম্প্রা কনসাল্টিং ইন্টারন্যাশনাল ইউএসএ প্রতিষ্ঠাতা মুনির হাসান খান, ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি সাফিনা রহমান,
উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক, পলাশ থানার ওসি সাইদুর রহমান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাহাবুব কবির, ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উবায়দুর রহমান তালুকদার, সানের বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুলতানা প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি বলেন, ‘আজকের শিশুদের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে ধারণা দিতে হলে শিক্ষকদের আগে বঙ্গবন্ধু সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে, যা অনেক শিক্ষকেরই নাই। তাই শিক্ষকদের মধ্যে বঙ্গবন্ধু সম্পর্কে সুস্পষ্ট ধারণা তৈরি করার লক্ষ্যেই প্রথমত শিক্ষকদের মাঝে “বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনী”গ্রন্থটি বিতরণ করা হয়েছে।’
অনুষ্ঠানের পৃষ্ঠপোষক স্থানীয় সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন বলেন, ‘যে নেতার নেতৃত্বে দেশের ক্রান্তিকালে এ দেশের মানুষ সমবেত হয়ে যুদ্ধ ঝাঁপিয়ে পড়েছিলেন এবং দেশকে শত্রুমুক্ত করেছিলেন। সেই মহান নেতা শেখ মুজিবুর রহমান সম্পর্কে সুস্পষ্ট ধারণা আজকের শিশুদের মধ্যে নেই বললেই চলে। তাই এই শিশুদের মাঝে সঠিক ধারণা, সঠিক ইতিহাস পৌঁছে দেয়ার জন্যই শিক্ষকদের মাঝে এই বইটি বিতরণ করা হয়। কারণ শিশুদের পড়াতে হলে আগে শিক্ষকদের জানতে হবে।

