একাত্তর বাংলাঃ নাবালিকাকে চুম্বন নিয়ে বিতর্কের জেরে রিয়েলিটি শোয়ের বিচারকের ভূমিকা থেকে সরে দাঁড়িয়েছেন আসামের গায়ক অঙ্গরাগ মহন্ত ওরফে পাপন। পাপন এক টুইটার বার্তায় ও রিয়েলিটি শো’টির আয়োজকরা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সম্পর্কিত টুইটে পাপন লেখেন, এখন আমি পেশাদারি দায়িত্ব পালন করার জন্য মানসিকভাবে তৈরি নেই। তাই যতদিন না আমার বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা খারিজ হচ্ছে এবং তদন্ত শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত ওই শোয়ের বিচারকের পদে থাকছি না।
বিচারব্যবস্থার উপর আমার পূর্ণ আস্থা আছে। সত্য প্রতিষ্ঠিত হবে। ততদিন পর্যন্ত আশা করি আমার ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানো হবে।
যে চ্যানেলে এই রিয়েলিটি শো সম্প্রচারিত হয়, তাদের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, তদন্ত এবং প্রতিযোগীদের স্বার্থের কথা ভেবে অঙ্গরাগ মহন্ত (পাপন) এই শোয়ের বিচারকের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। এই বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি শুটিং করবেন না।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় পাপনের ফেসবুক লাইভের একটি ভিডিও। সেখানে তিনি যে বাচ্চাদের রিয়েলিটি গানের শোয়ের বিচার করেন, সেখানকার প্রতিযোগীদের নিয়ে একটি স্পেশাল হোলি পর্বের শ্যুট করেছিলেন।
সেখানেই দেখা যায়, হাসি, গান, নাচ, মজা করতে করতে, আচমকাই পাপন এক নাবালিকা প্রতিযোগীকে রং মাখিয়ে তার ঠোঁটে চুম্বন করেন। বিষয়টি সুপ্রিম কোর্টের এক আইনজীবীর নজরে আসে। পরবর্তীতে তিনি পাপনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

