একাত্তর বাংলা রিপোর্টঃ ফ্যাসিস্ট দোসররা বিভিন্ন রূপে দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মুফিদুল আলম। তিনি বলেন, ফ্যাসিস্ট দোসররা বিভিন্ন রূপে আবির্ভাব হচ্ছে, তারা এই দেশকে অস্থিতিশীল করে তুলতে চায়। কখনো সাংবাদিক রূপে, কখনো মুক্তিযোদ্ধা রূপে আবার কখনো আনসার রূপে দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য বিভিন্ন ফরমেটে ফিরে আসছে। এই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনিন সুলতানার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, উপজেলা জামায়াতের আমির আব্দুল মান্নানসহ সাংবাদিক, মুক্তিযোদ্ধা, ছাত্র প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
এর আগে জেলা প্রশাসক মুফিদুল আলম তারাকান্দায় পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

