সুমন ভৌমিকঃ ময়মনসিংহের গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মো. শিবিরুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশ অভিযান পরিচালনা করে ডাকাতির মাত্র ৬ ঘন্টার মধ্যে আক্রান্ত কানাডিয়ান প্রবাসীর মালামাল উদ্ধারসহ গ্রেফতার করেন ২ মূল ডাকাত।
জানা যায়, গত ২৮ অক্টোবর গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন মশাখালী গ্রামের বাসিন্দা কানাডিয়ান প্রবাসী মোঃ মতিউর রহমান সস্ত্রীক তাদের ব্যক্তিগত প্রাইভেটকার যোগে বিভিন্ন দর্শনীয় স্থান পরিভ্রমনে বের হন।
কিশোরগঞ্জের হাওর এলাকাসহ ময়মনসিংহের ভালুকা ও গফরগাঁওয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিভ্রমনকালে বেলা অনুমান সাড়ে ৩ ঘটিকায় গফরগাঁও থানাধীন ঢালিবাড়ী রেলক্রসিং পার হওয়ার সময় ড্রাইভার প্রাাইভেটকারের গতি কমায়। এসময় আচমকা অজ্ঞাতনামা ৪/৫ জন ডাকাত পরিভ্রমনকারীদের দেশীয় অস্ত্রসহ আক্রমণ করে। ডাকাতরা অস্ত্রের মুখে তাদের ব্যবহৃত স্বর্ণের চেইন, ব্রেসলেট, আংটি, নগদ টাকা, একাধিক ক্রেডিট কার্ড ও কানাডিয়ান পাসপোর্ট লুট করে সাদা রংয়ের অন্য একটি প্রাইভেটকারযোগে ভালুকার দিকে পালিয়ে যায়।
ডাকাতির বিষয়টি গফরগাঁও থানার চৌকস পুলিশ অফিসার ওসি শিবিরুল ইসলাম অবগত হলে, তিনি তৎক্ষণাৎ তার পুলিশ টিম নিয়ে মাঠে নেমে পড়েন।
ওসি শিবিরুল ইসলামের দক্ষতা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে মাত্র ৬ ঘন্টার মধ্যে পাগলা থানা এলাকা থেকে কানাডিয়ান দম্পতির ড্রাইভার ও ডাকাত দলের সদস্য মোঃ রিয়াদ খান (২৩) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত রিয়াদকে জিজ্ঞাসাবাদে ও তার দেয়া তথ্যের ভিত্তিতে অপর ডাকাত সদস্য মোঃ মুরাদ মিয়া (২৩) কে গ্রেফতার করেন। এসময় তাদের দেয়া তথ্যমতে রাত ৮টা ৩০ মিনিটে অভিযান চালিয়ে চক্রের অপর সদস্য মোঃ শরীফ এর বাসা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার (নম্বরঃ ঢাকা মেট্রো-গ-২৮-১২৪৭) সহ ১টি স্বর্ণের হাতের চুড়ি , ১টি স্বর্ণের ব্রেসলেট, ২টি স্বর্ণের আংটি, ১টি স্বর্ণের চেইন, ৬টি বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড, ১টি সোনালী ব্যাংকের চেক বই, ১টি ভ্যানেটি ব্যাগ ও নগদ ৪৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
ডাকাতির ঘটনার সাথে জড়িত অন্যান্য ডাকাত সদস্য মোঃ শরীফ, সোহেল মিয়া ও মোঃ রিফাতদেরকে গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গফরগাঁও থানায় মামলা নং-০৫, তারিখ-২৯/১০/২০২৪ ইং, ধারা-৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড রুজু করে সকল আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

