সুমন ভৌমিকঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামের নির্দেশে কোতোয়ালী থানা পুলিশের তৎপরতায় দুই ঘন্টার মধ্যে মায়ের কোলে ফিরে গেল ৩ বছরের শিশু।
জানা যায়, আজ (২৯ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিটে ময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় একটি টহল পার্টি নিয়মিত টহলকালীন সময়ে জনৈক ব্যক্তির কাছে জানতে পারে, একটি ৩ বছরের শিশু অসহায় অবস্থায় বদরের মোড় এলাকায় কাঁদছে।
কোতোয়ালী থানার টহল পার্টি বিষয়টি ওসি মো. শফিকুল ইসলামকে অবগত করলে, ওসি শফিকুল ইসলাম তৎক্ষণাৎ টহল পাটিকে নির্দেশ দেন শিশুটিকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য।
ওসির নির্দেশ পেয়ে এসআই সাদ্দাম হোসেনের নেতৃত্বে উক্ত টহল পার্টি বদরের মোড় গিয়ে শিশুটিকে নিজেদের হেফাজতে নেয়। এরপর হেফাজতে থাকা শিশুটির সম্পর্কে ফেইসবুকে ছবিসহ স্ট্যাটাস দেয় কেতোয়ালী পুলিশ।
ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ার মাত্র দুই ঘন্টার মধ্যে শিশুটির মা থানায় যোগাযোগ করলে শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেয় ওসি শফিকুল ইসলাম।
কোতোয়ালী পুলিশের তৎপরতায় শিশুটি মায়ের কোলে ফিরে পাওয়ায় শিশুর পরিবার আনন্দিত এবং কোতোয়ালী পুলিশকে সাধুবাদ জানিয়েছেন। এছাড়া শিশুটির পরিবার ও সমগ্র এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

