সুমি মহন্তঃ শেরপুরে বিস্ফোরক ও নাশকতার মামলায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলসহ ২৫ নেতাকর্মীকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে (২০ মার্চ) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভুঁইয়া ও নুরে জাহিদ তাদের জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
জানা যায়, জাতীয় নির্বাচনের আগে শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী থানায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে জেলা বিএনপির সভাপতি ও শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে চারটি মামলা করে।
পরবর্তীতে এসব মামলায় উচ্চ আদালত থেকে বিভিন্ন মেয়াদে জামিন নেন বিএনপি নেতাকর্মীরা। জামিনের মেয়াদ শেষ হওয়ায় বুধবার আদালতে হাজির হয়ে চার মামলায় জামিনের আবেদন করেন মাহমুদুল হক রুবেলসহ ২৫ নেতাকর্মী। আদালত জামিনের আবেদন শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

