জামালপুর প্রতিনিধি
জামালপুরের সদরের শাহবাজপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর কাচারিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শাহবাজপুর কাচারিপাড়া এলাকার সোহেল রানার ছেলে মো. কাঁকন মিয়া ও পিঙ্গলহাটি গ্রামের মো. সুমন মিয়ার ছেলে সিনহাত। তারা দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ূব আলী বলেন, দুপুরে ক্রিকেট খেলে বাড়ি ফেরার পথে কাচারিপাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটির আরোহী দুই বন্ধু গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। পরিবারের দাবির প্রেক্ষিতে ও কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

