মোঃ ফরহাদ আলী : গত ১০ ফেব্রুয়ারি জামালপুর সদরের ইটাইল ইউনিয়নের দমদামা নয়াপাড়া গ্রামে ভূমিদস্যুদের হাতে একই পরিবারের ২ জন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। গুরুতর আহতরা হলো-মোঃ মোফাজ্জল হোসেন (৫৫), পিতা মৃত সিরাজুল ইসলাম, মোছাঃ সুমি আক্তার (৩৫), স্বামী মোঃ সেলিম হোসেন।
ঘটনার সূত্রে জানা যায়, ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত দু’পক্ষের মাঝে বিরোধ চলে আসছে। ঘটনার দিন বিকেল ৪ টার দিকে নজরুল ইসলাম শহিদ, রাজু আহম্মেদ পাপ্পু ও নুরুল ইসলাম নুনু’র নেতৃত্বে ১০-১৫ জন লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাদী মোঃ সেলিম হোসেনের পুকুর জোরপূর্বক ভাবে দখল করে মাটি-ভরা করে। সেলিম হোসেন ভাই রফিকুল ইসলাম ও তার পরিবার মাটি ভরাটে বাঁধা দিলে- ভূমিদস্যুদের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এসময় ভূমিদস্যুদের হাতে সেলিম হোসেনের পরিবারের ২ জন দেশীয় অস্ত্রদ্বারা গুরুতর আহতসহ অন্যান্যজন আহত হয়।
বর্তমান পরিস্থিতি নিয়ে জানতে চাইলে বাদী মোঃ সেলিম হোসেন বলেন, আমাদের এখনো আতঙ্ক কাটেনি-বাড়ির আশেপাশে অপরিচিত লোকজনের আনাগোনা বেড়ে গেছে। আমরা এখন আতঙ্কে আছি। আসামিগণ ভূমিদস্যু, খারাপ প্রকৃতির লোক হওয়ায় যে কোনো সময় আবারও আমাদের উপর হামলা করতে পারে। আমাদেরকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে বলছে -যদি মামলা তুলে না নেই তাহলে আমাদেরকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিবে।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মহব্বত কবীর বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

