নিউজ ডেস্ক
দেশের পণ্যের ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদের বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীতে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্বকালে তিনি এ নির্দেশ দেন। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বাংলাদেশ সচিবালয়ে সংবাদ সম্মেলনে বলেন, বৈঠকে জিআই পণ্যের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সবাইকে সক্রিয় হতে বলেছেন এবং আমাদের পণ্যের (জিআই সনদ) বিষয়ে উদ্যোগ নিতে বলেছেন।’ এর আগে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন টাঙ্গাইল শাড়ি, নরসিংদীর অমৃতা সাগর বানা ও গোপালগঞ্জের রসগোল্লার জিআই সনদ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। বৈঠকে প্রধানমন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান রচিত কাব্যগ্রন্থ ‘পিতার প্রতিচ্ছবি’র মোড়ক উন্মোচন করেন।
সম্প্রতি বাংলাদেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়িকে নিজস্ব জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয় ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। তাদের দাবি, পণ্যগুলোর মূল উৎপত্তিস্থল পশ্চিমবঙ্গ। পরে সামাজিক মাধ্যমে এর বিরুদ্ধে ক্ষোভ জানায় অসংখ্য মানুষ।
রবিবার মন্ত্রিসভার বৈঠকে গ্রাম আদালতবিষয়ক আইনের সংশোধিত খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এত দিন গ্রাম আদালতের জরিমানা করার ক্ষমতা ছিল ৭৫ হাজার টাকা। সংশোধিত আইনে সেটি বাড়িয়ে তিন লাখ টাকা করতে যাচ্ছে সরকার। বৈঠকের পর ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এমন তথ্য জানান।
মো. মাহবুব হোসেন বলেন, ‘এখন থেকে দুপক্ষের চারজনের উপস্থিতিতে গ্রাম আদালতের সভাপতি সিদ্ধান্ত নিতে পারবেন। আগে এটি পরিষ্কার ছিল না। গত বছর এই আইনের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। কিন্তু এটি সংসদে উপস্থাপন না হওয়ায় এবং নতুন মন্ত্রিসভা গঠিত হওয়ায় নতুন মন্ত্রিসভা থেকে অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। মন্ত্রিসভা এটিকে চূড়ান্ত অনুমোদন করে দিয়েছে।’

