বিনোদন প্রতিবেদক
আগামী ২৫ জানুয়ারি সারা বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে হৃতিক রোশন ও দীপিকা পাডুকোনের সিনেমা ‘ফাইটার’।
এমনটাই জানালেন আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও নির্মাতা অনন্য মামুন। এক ফেসবুক স্ট্যাটাসে সিনেমাটির পোস্টার শেয়ার করে তিনি লেখেন, একইদিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ফাইটার, টুডি ও থ্রিডি।
এর আগে বাংলাদেশে ভারতীয় সিনেমা হিসেবে মুক্তি পেয়েছিল বলিউডের ‘পাঠান’, ‘জওয়ান’, ‘অ্যানিম্যাল’ ও ‘ডানকি’। এছাড়াও গেল শুক্রবার মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত পশ্চিমবঙ্গে সিনেমা ‘হুব্বা’।
‘ফাইটার’ প্রযোজনা করেছে ভায়াকম১৮ মোশন পিকচার্স। সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন সাবেক সেনা অফিসার রমন চিব।
প্রসঙ্গত, সিনেমাটিতে বিমান বাহিনীর কর্মকর্তার ভূমিকায় রয়েছেন অনিল কাপুর, হৃতিক, দীপিকা। আরও আছেন করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়। এটি নির্মিত হয়েছে ভারত-পাকিস্তান সংঘাতের ওপর ভিত্তি করে।

