একাত্তর বাংলা রিপোর্ট:
গতকাল ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম এমপি বলেছেন, দেশের প্রতিটি মন্ত্রণালয়ের পরিকল্পনার সমন্বয়ে সার্বিক পরিকল্পনা করতে হয়। বিশাল, গভীর, ব্যাপক এ দায়িত্বটি প্রধানমন্ত্রী আমার উপর ন্যস্ত করেছেন। আমার এলাকা নান্দাইলসহ সারা দেশের উন্নয়ন পরিকল্পনায় কাজ করবো আমি, এটাই আমার কর্তব্য।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকালে বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা শাখার উদ্যাগে আয়োজিত নান্দাইলের চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।
জনতার উদ্দেশ্যে মন্ত্রী বলেন, নির্বাচন পূর্ববর্তী দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবো। আমার এলাকার প্রতিটি ওয়ার্ডে ইউনিয়নে যাব, আপনাদের সমস্যার কথা শুনবো। যথাসময়ে সমস্যা বা কাজ শেষ করার সর্বোচ্চ চেষ্টা করবো। কোনো হয়রানি, অর্থের অপচয় হতে দিব না। জটিল কাজগুলোর ক্ষেত্রে সমাধানের পথ খুঁজে বের করবো। এলাকার লোকজন যেন সুখে স্বাচ্ছন্দে জীবন যাপন করতে পারে সে প্রত্যাশায় কাজ করে যাবো। রাস্তাঘাট নির্মাণ ও সংস্কারসহ গ্রামীণ অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ খাতসহ অন্যান্য খাতে উন্নয়নে কাজ করবো। নিয়মানুসারে এ এলাকার প্রান্তিক জনগোষ্ঠী সরকারি সুযোগ সুবিধা পাবেন, এখানে কোনো গড়িমসি থাকবেনা। চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করেন ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েলসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গণসংবর্ধনা অনুষ্ঠানে বিপুল সংখ্যক লোকের সমাগম ঘটে।

