বিশেষ প্রতিনিধিঃ যে কোন দুর্যোগে অসৎ ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা লাভের আশায় পণ্যদ্রব্যের মূল্যের উপর কারসাজি করে আসছে। তারা মানছেনা মহামারী, মানছে না লক ডাউন, এমনকি পবিত্র মাহে রমজান। পিস হিসাবে তরমুজ কিনে চড়াদামে কেজি হিসাবে নগরীর বিভিন্ন বাজারে বিক্রি করছে বলে ক্রেতা সাধারণ অভিযোগ করছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৭ এপ্রিল (মঙ্গলবার) জেলা প্রশাসন কর্তৃক ময়মনসিংহে জনস্বার্থে নগরীর বিভিন্ন বাজারে তরমুজের মূল্য মনিটরিং করা হয় এবং অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এ সময় দেখা যায় ব্যবসায়ীগণ পিস হিসেবে তরমুজ ক্রয় করে কেজি দরে বিক্রয় করছে। এর মাধ্যমে তারা ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য নিচ্ছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাইদুল ইসলাম এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ময়মনসিংহ নগরীর নতুন বাজার, চরপাড়া, স্টেশন রোড এলাকায় তরমুজের বাজার মনিটরিং করে। ক্রয় এবং বিক্রয়মূল্যের মধ্যে অসঙ্গতির কারণে এবং যথাযথভাবে বিক্রয় না করায় অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি সকল ব্যবসায়ীদের পিস হিসেবে সীমিত লাভে তরমুজ বিক্রয় করতে নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে জেলা কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাইদুল ইসলাম জানান। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীরা উপস্থিত ছিলেন।

