একাত্তর বাংলা রিপোর্টঃ গত মঙ্গলবার শ্রদ্ধা ও ভালোবাসায় মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল চিত্ত রঞ্জন দত্ত (অব.) বীর উত্তম এর গার্ড অব অনার শেষে সকাল ১১ টায় রাজধানীর রাজারবাগ মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
এর আগে সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে চিত্ত রঞ্জন দত্তকে (সি আর দত্ত) ফুলেল শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এছাড়া ফুলেল শ্রদ্ধা জানায় ময়মনসিংহ মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
জানা যায়, গত মঙ্গলবার সকালে মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল চিত্ত রঞ্জন দত্ত (অব.) বীর উত্তম এর প্রয়াণে ফুলেল শ্রদ্ধা জানায় সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি কে এম শফিউল্লাহ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন- মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, ঢাকার জেলা প্রশাসক শহিদুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, বাংলাদেশ হিন্দু পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ শাখা, বাংলাদেশ আদিবাসী ফোরাম, বাংলাদেশ হিন্দু মহাজোট, লালবাগ পূজা থানা কমিটি, বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, সাবেক এমপি খ ম জাহাঙ্গীর, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ সহ ময়মনসিংহ মহানগর পূজা উদযাপন পরিষদ।
ময়মনসিংহ মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক উত্তম চক্রবর্তী রকেটের নেতৃত্বে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ময়মনসিংহ মহানগর পূজা উদযাপন পরিষদ চিত্ত রঞ্জন দত্তকে (সি আর দত্ত) ফুলেল শ্রদ্ধা জানায়। এসময় ময়মনসিংহ মহানগর পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সি আর দত্তের অন্ত্যোষ্টি ক্রিয়া চলাকালীন ফিরোজ-জাহাঙ্গীর চত্তরে ময়মনসিংহ মহানগর পূজা উদযাপন পরিষদ মৌন অবস্থান নেয়। মৌন অবস্থানকালে ময়মনসিংহ মহানগর পূজা উদয়াপন পরিষদ শোক এবং শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট বাংলাদেশ সময় সকাল ৯ টার দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সি আর দত্ত পরলোক গমন করেন। পরলোক গমনকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
সি আর দত্তের জন্ম ১৯২৭ সালের ১ জানুয়ারি মেঘালয়ের শিলংয়ে। তার পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি গ্রামে। তার বাবার নাম উপেন্দ্র চন্দ্র দত্ত এবং মায়ের নাম লাবণ্য প্রভা দত্ত। এছাড়াও বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সি আর দত্ত।
মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য চিত্ত রঞ্জন দত্ত বীর উত্তম খেতাবে ভূষিত হন। এছাড়া ঢাকার কাঁটাবন থেকে কারওয়ান বাজার সিগন্যাল পর্যন্ত সড়কটি ‘বীরউত্তম সি আর দত্ত’ সড়ক নামে নামকরণ করা হয়।

