সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল গ্রামে একজন করোনা আক্রান্ত হয়েছে বলে জানা যায়। জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জাহাঙ্গীর আলমের করোনা ভাইরাস এর নমুনা পরীক্ষার জন্য মাদারগঞ্জ হাসপাতাল কর্তৃপক্ষ জেলাতে প্রেরণ করেন। প্রেরিত নমুনা পরীক্ষায় পজেটিভ পাওয়া গেছে বলে জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়। সে সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল দক্ষিণপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে।
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোঃ শাহেদুর রহমান বলেন, জাহাঙ্গীর আলম মাদারগঞ্জ থেকে আক্রান্ত হয়েছে। সরিষাবাড়ীতে অবস্থানরত কোন ব্যক্তি এখন পর্যন্ত আক্রান্ত হয়নি। আমরা গতকাল পর্যন্ত ১০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পেয়েছি। তাতে সবগুলো নেগেটিভ এসেছে।
ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন রতন বলেন, উপজেলা প্রশাসন ও সরিষাবাড়ী থানার সহযোগিতায় তাকে আজ রাতে জামালপুর পাঠানো হয়েছে।
কেউ আতঙ্কিত না হয়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলা এবং প্রয়োজন ছাড়া বাহির না হয়ে ঘরে অবস্থান করার আহবান জানিয়েছেন উপজেলা প্রশাসন।

