সুমন ভৌমিকঃ ময়মনসিংহ বিভাগীয় নগরে মাদক জোন হিসেবে খ্যাত রেলির মোড়, কৃষ্টপুর, বাঘমারা ও কেওয়াটখালিসহ আশপাশ এলাকায় ২১ জানুয়ারি মঙ্গলবার রাত ১০টা থেকে ২২ জানুয়ারি দিবাগত রাত প্রায় ১টা পর্যন্ত মাদক বিরোধী অভিযান চলে। এই অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নগরের চিহিৃত ৭ মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড দেয়া হয়েছে।
ময়মনসিংহ পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা) এর নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর পরিচালনায় ময়মনসিংহ নগরকে মাদকমুক্ত করতে টানা প্রায় ৩ ঘন্টা এই অভিযান চলে।
পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান ময়মনসিংহে যোগদান করেই বিভিন্ন সভাতে বলেছিলেন, মাদককে ছাড় নয় আর মাদককের সাথে যারা জড়িত তাদের শিকড় উপড়ে ফেলা হবে। সেই দিক-নির্দেশনায় ময়মনসিংহের ডিবি পুলিশ জেলাব্যাপী নিয়মিত মাদক বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে। যার ফলে বিভিন্ন সময়ে বিপুল পরিমান মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ী গ্রেফতার হচ্ছে।
পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান এর নির্দেশনায় ২১-২২ জানুয়রি প্রায় ৩ ঘন্টাব্যাপী অতিরিক্ত পুলিশ সুপার আল-আমীন এর পরিচালনায় কোতোয়ালী মডেল থানা পুলিশ, ডিবি পুলিশ ও নগরের ১নং পুলিশ ফাঁড়ি পুলিশ নগরের মাদক জোনে “ব্লক রেইড” দিয়ে যৌথ মাদক বিরোধী অভিযান চালায়। এতে ৭ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়। গ্রেফতারের পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড দেয়। জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান এ কারাদন্ড দেন।
সূত্র জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে সেলিম মিয়া ও আব্দুর রহমানকে মদ্যপানের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ১ মাস ও রনি মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। একই অপরাধে ফারুক মিয়াকে ২০ দিনের কারাদন্ড দেয়া হয়। হেরোইন সেবনকারী ও হেরোইন ব্যবসায়ী সুমন মিয়াকে ৬ মাসের কারাদন্ড এবং মাদক ব্যবসায়ী রাজা মিয়াকে তিন মাসের বিনাশ্রম ও দুই হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে আরো ৫ দিনের কারাদন্ড দেয়া হয়। এছাড়া গাঁজা সেবনের দায়ে দুলাল মিয়াকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
পুলিশ সূত্র জানায়, অভিযান পরিচালনাকালে গভীর রাতে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান অভিযান এলাকা পরিদর্শন করেন। ১নং ফাঁড়ির ইনচার্জ শেখ মাহমুদ, এসআই মোঃ ফারুক হোসেন সহ ১নং ফাঁড়ির টিম, কোতোয়ারী মডেল থানার এসআই মিনহাজ, এসআই নিরুপম নাগ, এসআই মাহবুবুর রশিদ সহ কোতোয়ালী’র টিম, জেলা গোয়েন্দা সংস্থা’র এসআই আলাউদ্দিন, এসআই মাসুদ জামেলি, এসআই কামরুল হাসান সহ ডিবি পুলিশের টিম এই অভিযানে অংশগ্রহণ করেন। পুলিশের “ব্লক রেইড” এর মাধ্যমে গ্রেফতার ও ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানার খবরে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।
নগরবাসী ময়মনসিংহ জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, জেলা পুলিশ নিয়মিত এই অভিযান চালিয়ে গেলে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীরা এলাকা ছেড়ে চলে যাবে। ফলে নগরের আইন-শৃঙ্খলা আরও উন্নতি ঘটবে। এছাড়াও বিভিন্ন থানাতে মাদক বিরোধী অভিযান চলছে।

