রবিউল ইসলাম, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে রোববার (৮ ডিসেম্বর) জামালপুরের সরিষাবাড়ীতে কাব্যকথা ডিজিটাল প্রিন্টার্সের অফিস কক্ষে সরিষাবাড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আন্নু মিঞার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উক্ত কমিটির সভাপতি মোঃ বাহাদুর আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মোঃ আবুল হোসেন সরকার (বিশিষ্ট শিক্ষাবিদ), মনেশ্বর সাহা, সদস্য ও সরিষাবাড়ী সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন, ডা: রফিকুল ইসলাম, বাদশা ভূঁইয়া, আইরিন লাকী।
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে ৯ ডিসেম্বর সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত থাকবেন।

