গেল দুই বছর আগে একক সঙ্গীতানুষ্ঠানে গান গেয়ে সমালোচনার শিকার হন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। যত সমালোচনাই হোক না কেন প্রতি ঈদে তার গানের অনুষ্ঠান থাকছেই। এবারও সেই ধারাবাহিকতায় আসছে কোরবানি ঈদেও ভক্তদের গান শোনাবেন তিনি।
গানের প্রতি তার একটা আলাদা দুর্বলতা আছে। ২০১৭ সালে কোরবানি ঈদে প্রথম গান নিয়ে হাজির হয়েই সমালোচিত হন। তার কণ্ঠে একক সংগীতানুষ্ঠানটি প্রচারে আসার পর রাতারাতি তা ভাইরাল হয়ে যায়। আলোচনা-সমালোচনায় ভেসে গিয়েছিলেন তিনি। তবুও নিজের গান ও গায়কীর প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। বলেছিলেন কারো সমালোচনায় গান ছেড়ে দেয়ার পাত্র তিনি নন।
অনেকে সমালোচনা করলেও ইতোমধ্যে তার অসংখ্য ভক্তও গড়ে উঠেছে। যারা অপেক্ষায় থাকেন মাহফুজুর রহমানের গানের অনুষ্ঠানের জন্য। এমনটাই দাবি ড. মাহফুজুর রহমানের।
আগের ঈদগুলোর ধারাবাহিকতা বজায় রেখে আসছে কোরবানি ঈদেও একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন তিনি। এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে অনুষ্ঠানটি। এরইমধ্যে বেশ কয়টি গানের রেকর্ডিং ও ভিডিও ধারণ শেষ হয়েছে। জনপ্রিয় গীতিকবিদের লেখা গানগুলোতে সুর ও সংগীতায়োজনেও থাকবে চমক। থাকবে মেলোডি ধাঁচের প্রেম-বিরহের কিছু গানও এমনটাই জানা গেছে।
এই শিল্পীর ভক্তরা প্রত্যাশা করছে, গেল দুই বারের মতো গান দিয়ে এবারের কোরবানির ঈদও মাতিয়ে রাখবেন ড. মাহফুজুর রহমান।

