নতুন রূপে দেখা
মোঃ সেলিম হোসেন
০৫ জুন,২০২৪ খ্রিঃ।
হঠাৎ কেন মনটা আজি
হাসছে বারে বারে,
এদিক ওদিক পুনঃপুন
দেখছে আঁড়ে আঁড়ে।
সূর্যটা আজ ভিন্ন রূপে
উঠলো আকাশ পানে,
নব আলোর রূপ যে আমার
মনটা কাছে টানে।
নদী কেমন বইছে আজি
আঁকাবাঁকা পথে,
ঝিরঝিরিয়ে বইছে বায়ু
হাসির মনোরথে।
সকাল হতেই পাখির ঝাঁকে
উড়ছে গেয়ে গেয়ে,
গাছের সবুজ পাতা নাচছে
সুরের ছোঁয়া পেয়ে।
কোলের শিশু আসছে নেমে
উঠান আলো করে,
মনটা ওদের বসছে নাতো
আজকে কারো ঘরে।
বাগান জুড়ে রাঙা ফুলের
বসছে বিশাল মেলা,
প্রজাপতি ডানা মেলে
করছে সেথায় খেলা।
নিত্যদিনের দৃশ্যগুলো
নতুন রূপে আছে,
সব মিলিয়ে হাসিরা সব
আসছে মনের কাছে।

