সুমন ভৌমিকঃ চলমান লকডাউনে অসহায়, নিম্নবিত্ত ও কর্মজীবী মানুষের জীবন যখন দুর্বিষহ হয়ে উঠেছে, ঠিক তখনই মানবতার ফেরিওয়ালা ময়মনসিংহের পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা) ৫ টাকায় মানসম্মত ও মজাদার ইফতার তুলে দিলেন অসহায়, নিম্ন বিত্ত ও কর্মজীবী মানুষের হাতে। আজ বিকালে নগরীর টাউনহল মোড়ে ৫ টাকায় মানসম্মত ও মজাদার ইফতার উদ্বোধন করেন সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান এবং রমজান মাসজুড়ে এই আয়োজন চলবে।
বাংলাদেশে করোনা পরিস্থিতি বিপদজনকভাবে ছড়িয়ে পড়ার কারণে সরকার ১৪ এপ্রিল থেকে ‘কঠোর লকডাউন’ ঘোষনা করে। প্রাথমিকভাবে ৭ দিনের জন্য এই লকডাউন দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে এর মেয়াদ বাড়ানো হবে বলে জানা যায়।
সরকারের নির্দেশনা অনুযায়ী লকডাউনে পুলিশ মাঠে কাজ করছে। এর ফলে কর্মজীবী মানুষেরা অসহায় হয়ে পড়েছে। দেখা দিয়েছে খাদ্যের অভাব। এ অবস্থায় রমজান মাসে অসহায়, দরিদ্র ও কর্মজীবী মানুষের পাশে মানবতার ফেরিওয়ালা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান ৫ টাকায় ইফতার বিতরণ করেন। ইফতার সামগ্রীতে ছিল মুড়ি, ছোলা, পিয়াজু, বেগুনি, শষা, খেজুর, আঙ্গুর, কলা ও জিলাপী।
পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান বলেন, লকডাউনে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়ায় অসহায়, দরিদ্র, নিম্নবিত্ত ও কর্মজীবী মানুষেরা সহজলভ্য ইফতার সামগ্রী কিনতে পারছে না। সেদিকে লক্ষ্য রেখে জেলা পুলিশ রমজান মাসজুড়ে সহজলভ্য মূল্যে মানসম্মত ও মজাদার ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছে। শুধু নামমাত্র মূল্যে ৫ টাকায় এই ইফতার সরবরাহ করা হচ্ছে। তিনি জানান, রমজান মাসে ময়মনসিংহ মহানগরে বিভিন্ন স্থানে প্রতিদিন এই কার্যক্রম চলবে।
৫ টাকায় ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী, অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি, অতিরিক্ত পুলিশ সুপার আলাউদ্দিন, ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার (পিপিএম-বার), ময়মনসিংহ ট্রাফিক বিভাগের পরিদর্শক সৈয়দ মাহবুবুর রহমান ও ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা’র অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) সহ পুলিশ অফিসারগণ।

