সোমালিয়ার রাজধানীতে আন্তর্জাতিক বিমানবন্দরের পাশের একটি হোটেলে আক্মসিক বোমা হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে বলে জানা গেছে। ওই হামলার ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে অন্তত ও ২৮ জন।
সোমবার (২২ জুলাই) রাজধানী মোগাদিসুর পাশের হোটেলে ওই হামলার ঘটনা ঘটে বলে মেডিকেল কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাজধানী মোগাদিসুর মদিনা হাসপাতালে হামলায় নিহত ১৭টি মরদেহ এবং ২৮ জন গুরুতর আহত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতালের পরিচালক মোহাম্মদ ইউসুফ।
হামলার সময় ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী দোকানদার ফারাহ হুসেইন বলেন, প্রথম বিস্ফোরণটি হয় সড়কের মূল তল্লাশি চৌকিতে পরে সেটি মোগাদিসু আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে অগ্রসর হয়।
উল্লেখ্য, ১৯৯১ সালে বিদ্রোহীরা সরকারকে উৎখাত করলে সোমালিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়, যা এখনও চলছে। আফ্রিকান ইউনিয়ন শান্তিরক্ষী এবং যুক্তরাষ্ট্র থেকে প্রশিক্ষিত বাহিনী থাকা সত্ত্বেও রাজধানী মোগাদিসুতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে আল শাবাব। দেশটিতে নামমাত্র সরকার বিরাজ করছে। নেই তেমন নিয়ন্ত্রণ ক্ষমতা।

