ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জেনারেল হাসপাতালটি যেন রীতিমতো গাঁজার বাগানে পরিণত হয়েছে। হাসপাতালের অভ্যন্তরে প্রকাশ্যেই বেড়ে উঠেছে কয়েকশো গাঁজার গাছ। সকলের সামনে দিনের পর দিন এই গাঁজার গাছ গজিয়ে উঠেছে।
শত বছরের প্রাচীন ফরিদপুর জেনারেল হাসপাতালটি গত কয়েকবছর যাবত ধুঁকছে নানা সমস্যায়। তারপরও জেলা সদরের এই হাসপাতালে প্রতিদিন ভিড় করে চিকিৎসা নিতে আসা শতশত রোগী। রোগীর ভিড়ে হিমশিম খান ডাক্তারেরা।
ব্যস্ততা পূর্ণ এই হাসপাতালের অভ্যন্তরে রাস্তার পাশেই গড়ে উঠেছে গাঁজার বাগান।
জেনারেল হাসপাতালের উত্তর দিকে স্টাফ কোয়ার্টারের পথের দুই ধারে ও হাসপাতাল থেকে মসজিদে যেতে পথের ধারে প্রকাশ্যে এভাবে শত শত গাঁজার গাছের বেড়ে ওঠার দৃশ্য দেখে চমকে উঠতে হয়। এও কি সম্ভব? তাও সপ্তাহ কিংবা মাস নয়, বছরের পর বছর ধরে নাকি এভাবেই গাঁজা গাছগুলো বেড়ে উঠেছে।
হাসপাতালের স্টাফ কোয়ার্টারের বাসিন্দারা জানান, প্রায় চার-পাঁচ বছর যাবৎ এই গাঁজার গাছগুলো বেড়ে উঠেছে। আগে আরো বেশি ছিল। অনেক গাছ কেটে তারা পরিষ্কার করেছেন। তারপর আবার হয়েছে। সকলের সামনেই বেড়ে উঠেছে। কিছু ছেলেপুলে এগুলো ছিড়ে নিয়ে রস করে খায় বলে তাদের জানিয়েছে।
এ বিষয়ে ফরিদপুরের সিভিল সার্জন ডা.মো. ছিদ্দীকুর রহমান বলেন, কি বলেন? আমি গাঁজার গাছ জীবনেও দেখি নাই। সোমবার সকালেই আমি নিজে গিয়ে দেখবো।

