একাত্তর বাংলাঃ সেন্ট মার্টিন দ্বীপ আবারও নিজেদের মানচিত্রে দেখানোয় মিয়ানমারের তীব্র সমালোচনা করেছে বাংলাদেশ। দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে মন্ত্রণালয়ে ডেকে প্রতিবাদ জানানোর পর আগামীকালের মধ্যে এ ভুল সংশোধনের প্রতিশ্রুতি দিয়েছে ইয়াংগুন।
বারবার এ ধরনের ভুলকে ইচ্ছাকৃত বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।
নিজ দেশের সমস্যা অন্যদের ওপর চাপিয়ে গত দেড় বছরে ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পাঠিয়েছে প্রতিবেশী মিয়ানমার। শতাব্দীর ভয়াবহতম এ সঙ্কট তৈরি করেই ক্ষান্ত হয়নি দেশটি।
দফায় দফায় আকাশ সীমা লঙ্ঘন, সীমান্তের শূন্য রেখায় বোমাপুঁতে রাখার পর এবার দ্বিতীয়বারের মতো সরকারি ওয়েবসাইটে বাংলাদেশের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনকে নিজেদের বলে দাবি করেছে মিয়ানমার।
গত বছরের অক্টোবরে প্রথম দফায় এ বিষয়ে বাংলাদেশ প্রতিবাদ জানানোর পর কিছুদিনের জন্য তা বন্ধ করে রাখলেও সম্প্রতি আবারও সেন্ট মার্টিনকে নিজেদের মানচিত্রে দেখায় দেশটি।
আবারও তাই তলব করা হয় ঢাকায় নিযুক্ত দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার কিছুক্ষণ পর তিনি মন্ত্রণালয়ের অতিথি কক্ষে অবস্থান নিলেও নিজের মুখ দেখাতে নারাজ।
সারাক্ষণ ক্যামেরার দিকে পিঠ দেখিয়ে থাকা রাষ্ট্রদূত নিজের নামও বলতে অস্বীকৃতি জানান।
এমনকি পরে তাকে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এলে সেখানে বিরক্ত প্রকাশ করেন। অনেকটা দৌড়েই লিফটের কাছে গিয়ে ঘনঘন বাটন টিপতে থাকেন তিনি।

