চোখের পলকে সেদিন তোমায়
একটু যখন দেখি,
মনের পাতায় তোমার রূপের
হাজার কথন লেখি।
অপরূপ সেই নয়ন যুগল
কাজল দীঘির মত,
এক নিমিষেই হাজার কথন
বললো আমায় কত!
নাকের ডগার ঘামের কণায়
রবির কিরণ পড়ে,
ঝিলিক দিয়ে হৃদয় আমার
নেয় যে হরণ করে।
শান্তির নিবাস কপাল তোমার
নীল আকাশের মতো,
স্বপন যেথায় বিরাজ করলো
প্রেম কাননের যতো।
লাজুক লাজুক পলক খুললে
রাখলে নয়ন পাতে,
প্রেমের সকল আভাস তখন
প্রকাশ করলে তাতে।
হঠাৎ সেথায় মেলার মতন
বাড়লো লোকের ভীড়,
স্বপ্নের মতন লাগলো ভাঙ্গন
নিথর করলো নীড়।
অন্তর এখন তোমার স্মৃতির
ধারণ বাহন করে,
তোমার ভাবনা প্রেমের আশায়
কাঁদছে বিরান ঘরে।

