একাত্তর বাংলাঃ সুনামগঞ্জ সুরমা নদীর তীরে যমজ কন্যা শিশুর দুটি ভ্রূণ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (০৯ এপ্রিল) বিকেলে শহরের পশ্চিমবাজার এলাকার সুরমা নদীতে শিশুর ভ্রূণ দেখতে পেয়ে কৌতূহলী জনতার ভিড় জমে ওঠে। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ভ্রূণ দুটো উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
সিভিল সার্জন ডা. আশুতোষ দাস বলেন, গর্ভনষ্টের কারণে কেউ এগুলো নদীর আশপাশে পুঁতে রেখেছে। বৃষ্টি আসায় সেগুলো নদীতে গিয়ে ভেসে উঠেছে বলে ধারণা করা হচ্ছে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, কিভাবে ভ্রূণ নষ্ট করা হল এটি বলা মুশকিল। তবে হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা করে এগুলো নিয়ে একটি মতামত দেয়া যেতে পারে। এঘটনা অবৈধ গর্ভপাতের কারণে ঘটে থাকতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
সদর থানার এস আই মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভ্রূণগুলো উদ্ধার করা হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

