বিনোদন প্রতিবেদক
ব্যক্তিগত ঝামেলা চুকিয়ে, শোককে শক্তিতে পরিণত করে ফের নতুন উদ্যমে কাজ করে ফিরেছেন ঢাকাই সিনেমার গ্ল্যামারকন্যা পরীমনি। সরকারি অনুদানে নির্মিতব্য ‘ডোডোর গল্প’ সিনেমার মাধ্যমে যুক্ত হয়েছেন ‘খেলা হবে’ নামের একটি সিনেমায়। তারপর অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। এর মধ্যেই আবার একটি প্রসাধনী প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়েছেন। এতকিছুর মধ্যেও আবার বিজ্ঞাপনেও বেশ ব্যস্ত। সম্প্রতি নায়ক ফেরদৌস আহমেদের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছেন।
এত ব্যস্ততার মধ্যেও পাওয়া গেল নতুন খবর পরীমনিকে নিয়ে। এবার এই অভিনেত্রী যুক্ত হয়েছেন অ্যান্থলজি ফিল্ম ‘বুকিং’-এ। ভালোবাসা দিবসকে সামনে রেখে ‘লাভ স্টোরিস’ নামে কয়েকটি গল্পে অ্যান্থলজি ফিল্ম নির্মাণ করছে দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্ম। সেগুলোর মধ্যে একটি হচ্ছে ‘বুকিং’। এর মাধ্যমে প্রথমবার জুটি হচ্ছেন এ বি এম সুমন ও পরীমনি। নির্মাণ করছেন সময়ের দর্শকপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।
এদিকে পরীমনি তার ফেসবুকে এক দিন আগে একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যায় মিজানুর রহমান আরিয়ানের কোলে হাস্যোজ্জ্বল তার ছেলে পদ্ম। ছবির ক্যাপশনে তিনি লেখেন, আসুন আমরা সবসময় হাসি দিয়ে একে অপরের সঙ্গে দেখা করি, কারণ হাসি হলো সুন্দর বন্ধন এবং ভালোবাসার শুরু। নতুন কাজটি নিয়ে পরীমনি বলেন, কাজটি হতে যাচ্ছে আসন্ন ভালোবাসা দিবসের বিশেষ আকর্ষণ। ভালোবাসার গল্পে এটি নির্মিত হবে। বিশ্বাস করি, আমাদের এই কাজটি দর্শকরা পছন্দ করবেন।
এদিকে, ‘সোনাবন্ধু’র পর দ্বিতীয়বারের মতো ডি এ তায়েবের সঙ্গে ‘কাগজের বউ’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন পরীমনি। সিনেমাটির শুটিং শুরু হয় ২০২১ সালের ডিসেম্বরে। এ বছরের ডিসেম্বরে এসে সিনেমাটির প্রযোজক ও নায়ক ডি এ তায়েব জানালেন, সিনেমাটি নতুন বছরের শুরুর দিকেই মুক্তি পাবে।

