চীফ রিপোর্টারঃ নানান ধরনের কার্যক্রমে দেশব্যাপী আলোচিত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মো: এরশাদ ও তার দল জাতীয় পার্টি। আবারো নতুন এক আলোচনার জন্ম দিয়ে দেশব্যাপী আলোচনার শীর্ষে দলটির চেয়ারম্যান।
ফের তিনি সিদ্ধান্ত পাল্টালেন । নিজের অবর্তমানে আবারও দলের কো-চেয়ারম্যান জি এম কাদেরকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করেছেন সাবেক এই রাষ্ট্রপতি।
শনিবার (৬ এপ্রিল) সকালের এইচ এম এরশাদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সূত্রমতে, গত ২৩ মার্চ তাকে কো-চেয়ারম্যান, উত্তরসূরি ও সংসদীয় বিরোধী দলীয় উপ-নেতার পদ থেকে ছোট ভাই জি এম কাদেরকে সরিয়ে দেন। এক সাংগঠনিক নির্দেশে তাকে অব্যাহতি দেয়া হয়েছিল।
এর কয়েকদিন পর গত ৪ এপ্রিল জি এম কাদেরকে জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান পদে পূর্ণবহাল করা হয়।
এই সিদ্বান্ত মেনে নেয়নি জাপা অধ্যুষিত রংপুরের প্রায় সবগুলো জেলা, মহানগর ও উপজেলার নেতারা। তারা সংবাদ সম্মেলন করে গণপদত্যাগের হুমকি দেন।
পরে আন্দোলনের মুখে জি এম কাদেরকে পুনঃবহাল করার আশ্বাস দেন সংসদীয় বিরোধী দলীয় নেতা এরশাদ।
তবে চেয়ারম্যানের এমন সিদ্ধান্ত মানতে নারাজ দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। তিনি জানান, জাতীয় পার্টি কোনো পারিবারিক দল নয়। এরশাদের অবর্তমানে কে চেয়ারম্যান হবেন, তা দলের সাধারণ সভায় সিদ্ধান্ত হবে।
তিনি আরো বলেন, এটা একটা দল কোনো পারিবারিক বিষয় না, যে আমি মারা গেলে আমার ছেলে এটার দায়িত্ব পালন করবে। দলের চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা এরশাদ সাহেবের যতক্ষণ পর্যন্ত নিশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত তিনি চেয়ারম্যান থাকবেন। উনার পরে বা অবর্তমানে আমরা কি করবো, তা সারা বাংলাদেশের কর্মী নিয়ে আমরা সাধারণ সভা করবো। তারপর নির্ধারণ করবো। চেয়ারম্যান কি হবে, এটাই দলের গঠনতন্ত্রের সিস্টেম।
এছাড়া, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে হঠাৎ করেই রুহুল আমিন হাওলাদারকেও মহাসচিবের পদ থেকে সরিয়ে নতুন মহাসচিব করা হয় মশিউর রহমান রাঙ্গাকে।

