বিনোদন প্রতিবেদক
চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়েছে। শনিবার চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজনে দ্বি-সাধারণ সভায় বর্তমান কমিটি এই সিদ্ধান্ত নেয়।
সদস্যপদ বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিষদ নেতা খোরশেদ আলম খসরু। শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে প্রধান নির্বচন কমিশনারের দায়িত্ব পালন করবেন তিনি।
খসরু বলেন, ‘আজকের বনভোজনের শুরুতে শিল্পী সমিতির দ্বি-সাধারণ সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদনে ৯নং একটি বার্তায় জায়েদ খানের সদস্যপদ বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে।’
ঘোষণাপত্রে জানানো হয়, কোনো সাংগঠনিক দুর্বলতা না পেয়ে জায়েদ ব্যক্তিগত আক্রোশে ধারাবাহিকভাবে চলচ্চিত্র শিল্পী সমিতিসহ সাধারণ সম্পাদকের নামে মিথ্যা, মনগড়া, কুরুচিপূর্ণ কল্পকাহিনী সাংবাদিক সম্মেলন, ইউটিউব, ফেসবুক ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় গত বছরের ২ এপ্রিলে সভায় সর্বসম্মতিক্রমে জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়েছে।
কারণ হিসেবে বর্তমানে সংগঠনের সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ আক্তারও একই কথা বলেন।
এদিকে আজকের ভনভোজনে তিন তিনবার নির্বাচিত সাধারণ সম্পাদক হয়েও দাওয়াত না পাওয়ায় অবাক হওয়ার কথা জানান জায়েদ খান। তিনি বলেন, ‘আমি তিন তিনবার নির্বাচিত সাধারণ সম্পাদক। অথচ শিল্পী সমিতির পিকনিকে আমাকে কোনো কার্ড পাঠানো হয়নি৷ এমনকি কেউ ফোন দিয়েও পিকনিকের বিষয়ে আমাকে বলেনি। বিষয়টি সংকীর্ণ মানসিকতার পরিচয় দিয়েছে বর্তমান কমিটি।’
তিনি আরও বলেন, ‘যদিও এই কমিটি গত দুই বছর ধরে কোনো কাজ করেনি৷ একটা পিকনিক আয়োজন করেছে, সেখানেও আমাকে কার্ড পাঠাতে পারতো। সেটা করেনি তারা। এটাকে তাদের ব্যর্থতা বলব আমি।’
আরও পড়ুন ◾শিল্পী বিশ্বাসের রাগ কইরোনা মনের মানুষ গানটির ৫০ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে!
◾নারী উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করলেন ক্লোজআপ ওয়ান তারকা সাব্বির জামানের সহধর্মিণী রেহানা জামান

