শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধিঃ শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধরের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল কিশোরী লিখা মনি (১৪)। সে বালুরচর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার রাণীশিমূল গ্রামের মন্টু মিয়ার মেয়ে লিখা মনির সাথে শ্রীবরদী সদর ইউনিয়নের বাকসাবাইদ গ্রামের হানিফ উদ্দিনের ছেলে হারুন মিয়ার সাথে বিয়ের আয়োজন চলছিল।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় ইউনিসেফ বাংলাদেশ উপজেলা কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বার গিয়ে মেয়ের বাবা- মায়ের সাথে বাল্য বিয়ের কুফল সম্পর্কে আলোচনা করেন।
মেয়ের বাবা মন্টু মিয়া নিজের ভুল বুঝতে পেরে বিয়ে ভেঙ্গে দেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর জানান, বাল্য বিয়ের খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও ইউনিসেফ কর্মীদের পাঠিয়েছিলাম। তারা বাল্য বিবাহটি বন্ধ করতে সক্ষম হয়েছে।

