শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধিঃ শ্রীবরদীতে দোলনার রশি গলায় ফাঁস লেগে সাথী (৮) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খাটিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাথী খাটিয়াডাঙ্গা গ্রামের ফরিদ মিয়ার কন্যা ও স্থানীয় গবরীকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পরিবারের লোকজন জানায়, স্কুল ছুটির পর বাড়ি এসে ঘরের পাশে জাম্বুড়া গাছের ডালে রশি দিয়ে ঝুলানো দোলনাতে দুলতে যায় সাথী।
এ সময় সবার অজান্তে দোলনার রশিতে ফাঁস লেগে ঝুলে পড়ে সাথী। আশপাশের লোকজন এসে দোলনা থেকে উদ্ধার করে মাটিতে নামালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য মিষ্টার মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

