শীত প়ড়তেই হাজির জ্বর, গলা ব্যথা, অ্যাস্থমা, সর্দি, ইনফেকশন। যে কোনও মরসুমে সুস্থ থাকতে ভারতীয়রা বারবারই ভরসা রেখেছেন আয়ুর্বেদিক মশলাপাতির উপর। আর সেই তালিকায় উপরের দিকেই রয়েছে আদা, রসুন। এই সময় সর্দি, জ্বর দূরে রাখতে আদা, রসুনের উপর চিরকালই ভরসা রেখে এসেছেন মা, দিদিমারা। পুরনো সেই আদা, রসুন স্যুপের উপর ভরসা রাখতে পারেন আপনিও। শুধু জ্বর হলেই নয়, সারা শীতকালই খাওয়া যেতে পারে এই স্যুপ।
রসুনের গুণ
রসুনের মধ্যে থাকা অ্যালিসিনের অ্যান্টিফাংগাল, অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে। যে কারণে রসুন যে কোনও অ্যালার্জি, গলা ব্যথা, ফুসফুসের ইনফেকশনের মতো সমস্যা নিমেষে সারিয়ে তোলে।
আদার গুণ
বহু যুগ ধরেই সর্দি, জ্বর, পেটের সমস্যা সারাতে ব্যবহৃত হয়ে আসছে আদা। প্রদাহ কমিয়ে আর্টারি সুস্থ রাখতেও সাহায্য করে আদা। জ্বরের সময় বমি ভাব কাটাতেও আদা অব্যর্থ। অ্যান্টিঅক্সিড্যান্ট, অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিফাংগাল গুণ ইনফেকশন দূর করে।

