ক্যারিয়ারের শুরুটা ছিল মডেলিং দিয়ে। এরপর ছোট পর্দায় অভিনয় ও উপস্থাপনাতেই নিজেকে ব্যস্ত রেখেছিলেন তিনি। ২০১৭ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর এই প্রথম রানার আপ জাহারা মিতু। গেল কিছুদিন ধরে তিনি বেশ আলোচনায় রয়েছেন। ছোট পর্দা পেরিয়ে এবার তিনি পা রাখছেন রূপালি পর্দায় অর্থাৎ বড় পর্দায়। তাও আবার ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নায়িকা হয়ে।
শাকিব খানের আসন্ন ‘আগুন’ সিনেমার জন্য চুক্তিবদ্ধও হয়েছেন। ‘আগুন’ সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘হিরো দ্য সুপারস্টার’ খ্যাত নির্মাতা বদিউল আলম খোকন। প্রযোজনা করছে দেশ মাল্টিমিডিয়া।
সম্প্রতি এই নায়িকাকে দেখা গেল অদ্ভুদ বেশে! লম্বাকেশি মিতুর মাথায় ছোট চুল, পরণে শার্ট-প্যান্ট, নীল ক্যাপ, মুখ ভর্তি গোঁফদাড়ি! প্রথমে দেখলেই যে কেউ ভড়কে যাবেন। মনে হতে পারে, শাকিব খানের নতুন নায়িকার একি হাল!
এ বিষয়ে মিতু জানান, আসছে ঈদের একটি নাটকে তাকে এমনভাবে দেখা যাবে। নাটকের চরিত্রের জন্যই তিনি এভাবে সেজেছেন। এই নাটকে তাকে একজন ‘পকেটমার’-এর চরিত্রে দেখা যাবে।
নাটকটির নাম ‘পিক পকেট’। মিতুর বিপরীতে অভিনয় করেছেন জোভান। দুজনকেই দেখা যাবে পকেটমার চরিত্রে। টিকলি মাহমুদের রচনায় নাটকটি পরিচালনা করছেন রাহাত মাহমুদ।

