একাত্তর বাংলাঃ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো ভারত। পোর্ট এলিজাবেথে সিরিজের পঞ্চম ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৭৩ রানে হারিয়েছে কোহলি বাহিনী। রোহিত শর্মার সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে ২৭৪ রান করে টিম ইন্ডিয়া। জবাবে ২০১ রানেই গুটিয়ে যায় প্রোটিয়ারা।
টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতের শুরুটা ছিল সাবধানী। তাদের উদ্বোধনী জুটিতে আসে ৪৮ রান। দ্বিতীয় উইকেটে বিরাট কোহলির সঙ্গে ১০৫ রানের জুটি গড়েন রোহিত শর্মা।
কোহলি আউট হন ৩৬ রান করে। তবে দুর্দান্ত ব্যাটিং করেন রোহিত। তুলে নেন ক্যারিয়ারের ১৮তম শতক। শেষ দিকে শ্রেয়াশ আয়ার আর মহেন্দ্র সিং ধোনীদের ছোট ছোট ইনিংসে ভর করে ২৭৪ রান করে সফরকারীরা।
জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা হয় মাঝারি মানের। তবে ডুমিনি ডি-ভিলিয়ার্সরা দায়িত্বশীল ইনিংস খেলতে ব্যর্থ হলে লড়াই থেকে ছিটকে পড়ে তারা। ইনিংস সর্বোচ্চ ৭১ রান করেন হাশিম আমলা।
চার উইকেট নেন কুলদিপ যাদব। ম্যাচ সেরা হয়েছেন রোহিত শর্মা।

