একাত্তর বাংলাঃ টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজও জয়ের লক্ষ্য সফরকারী শ্রীলঙ্কার। এমনটাই জানিয়েছেন কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। ঠিক তেমনি ঘুরে দাঁড়াতে মুখিয়ে বাংলাদেশ ক্রিকেট দল। কাল সিলেট স্টেডিয়ামে দু’দলের ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায়।
দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিতে ১-০’তে এগিয়ে লঙ্কানরা। তাই সিরিজের শেষ টি-টোয়েন্টি জিতে ২-০’তে সিরিজ নিশ্চিত করার সংকল্প তাদের। সিরিজের শেষ ম্যাচ সামনে রেখে সিলেটের বিভাগীয় স্টেডিয়ামে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই নিজেদের ঝালিয়ে নিয়েছেন হাথুরুর শিষ্যরা। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট দলও তাদের শেষ মুহূর্তের অনুশীলন করেছে।
প্রথম ম্যাচে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে দলীয় সর্বোচ্চ স্কোর গড়েও হারতে হয়েছিলো বোলারদের কারণে। এবার দায়িত্ব নেয়ার প্রত্যয় টাইগার বোলারদের। সিরিজে সমতা আনতে মরিয়া বাংলাদেশ। তাই একাদশে একাধিক পরিবর্তন আসবে বলে ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। কিছুটা ইনজুরিতে থাকা ওপেনার তামিম ইকবাল ফিট হয়ে একাদশে ফিরছেন এ ম্যাচে।
অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ‘সিরিজ জেতাটাই এখন আমাদের কাছে মুখ্য ব্যাপার। কারণ পুরো সিরিজ জুড়ে ভাল খেলে শেষ পর্যন্ত এই ধারা ধরে রাখতে চাই আমরা। ছেলেদের পারফরম্যান্সে আমি খুশি আশরা করছি শেষ ম্যাচে ধারাবাহিকতা ধরে রাখবে। আর উইকেট এখন পুরোপুরি প্রস্তুত না। তাই কাল একাদশ নির্ধারণ করবো।’

