একাত্তর বাংলাঃ টাঙ্গাইলে চলন্ত বাসে কলেজছাত্রী রূপা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হাবিবুরসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অপর এক আসামির সাতবছর কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবুল মনসুর মিয়া এ আদেশ দেন।
এর আগে ছোঁয়া পরিবহনের বাসচালক, সুপারভাইজার ও হেলপারসহ পাঁচ আসামিকে আদালতে হাজির করে পুলিশ। তাদের উপস্থিতিতে মামলার রায় ঘোষণা করেন বিচারক।
গত বছরের ২৫শে আগস্ট, টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে ধর্ষণের পর হত্যা করা হয় কলেজ ছাত্রী রূপাকে।
এ ঘটনায়, ওই বছরের ২৮শে আগস্ট মধুপুর থানায় ছোঁয়া পরিবহনের চালক ও হেলপারসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেন নিহত রূপার ভাই। তদন্ত শেষে গেল ১৫ অক্টোবর অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ।

