একাত্তর বাংলাঃ সপ্তাহে ব্যবধানে আরো একটি ধ্রুপদী লড়াই দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব। সেমিফাইনালের দ্বিতীয় পর্বে বার্সেলোনার মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। প্রথম পর্ব গোলশূন্য ড্র হওয়ায় এই ম্যাচে যে দলই জিতবে, তারাই পাবে ফাইনালের টিকিট। রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি শুরু হবে আজ রাত ২টায়।
একটা ম্যাচ। যার দিকে দৃষ্টি বিশ্বের অগনিত ফুটবল প্রেমীর। ভালোবেসে ম্যাচটিকে অনেকেই বলে ধ্রুপদী। মাঠের লড়াই ছাপিয়ে অনেক সময় তা হয়ে উঠে মর্যাদা রক্ষার। বলছি এল ক্লাসিকোর কথা।
রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার এই দৈরথ শুরু থেকেই ক্লাব ফুটবলে যোগ করেছে ভিন্ন মাত্রা। মেসি-রোনালদো কিংবা গার্দিওলা-মরিনিও যুগে তা পৌঁছায় আনন্য উচ্চতায়। যেখানে এখনও নিজের দ্যুতি ছড়াচ্ছেন এল এম টেন। তবে বাকিরা স্পেন ছাড়ায় সেখানে আগের ঝাঁঝ খুজে পাওয়া দুষ্কর।
এল ক্লাসিকোতে সোনালী সুদিন আবারো কবে ফিরবে, তার জন্য অপেক্ষায় থাকা যাক। চলুন আপাতত হিসেব কষে দেখি এই লড়াইয়ে এখন পর্যন্ত কারা এগিয়ে। কোপা দেল রে’র মঞ্চ। শীর্ষ চারের শেষ পর্বটা হচ্ছে মাদ্রিদে। সেই হিসেবে বলাই যায় কাতালুনিয়া থেকে ড্র কুড়িয়ে আসা রিয়াল কিছুটা সম্মুখে নিশ্চিতভাবেই।
এই আসরে সর্বশেষ রিয়াল মাদ্রিদ শিরোপা জিতেছিল ২০১৪ তে। পরের আসরগুলো তাদের ব্যার্থ হলেও এবার ভাবতে হচ্ছে ভিন্ন ভাবে। লিগ রেসে প্রতিপক্ষরা বেশ এগিয়ে। সম্প্রতি যে মানের ফুটবল খেলছে তারা, তাতে চ্যাম্পিয়ন্স লিগ নিয়েও স্বপ্ন দেখা যায় না খুব বেশি দুর! তাই কোপার মঞ্চটাই লস ব্ল্যাঙ্কোদের কাছে হতে পারে দ্যা লাস্ট টার্গেট।
কঠিন এই ম্যাচটা রিয়ালের কাছে আরো কঠিনতর হয়ে উঠছে দলের গুরুত্বপূর্ন ফুটবলারদের ফর্মহীনতায়। ছন্দে নেই গ্যারেথ বেল। শুরুর একাদশে মাঠে নামা নিয়ে সংশয় আছে ইসকোর। ইনজুরিটা বেশ ভোগাচ্ছে মার্কোস লরেন্তেকে। সোলারি শিষ্যদের ফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে বার্সার পাশাপাশি লড়তে হবে এসব প্রতিবন্ধকতার বিরুদ্ধেও।
সময় ভালো যাচ্ছে বার্সেলোনার। তবে সেটা খুব ভালো নয়। গেল ম্যাচে সেভিয়ার বিপক্ষে ম্যাচে জয়ে ফিরেছে তারা। ছন্দে ছিলেন মেসি। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করেই লাইফ লাইনে গোটা দল। তিনি ভালো খেললে কাতালুনিয়া হাসে। আর ছন্দে না থাকলেই গোমড়া মুখ। কিন্তু এই ম্যাচে দায়িত্বটা ভাগ করে নিতে হবে সবাইকে।
সেটারই বা উপায় কি। চোটে পড়ে মাঠে নামতে পারবেন না থমাস ভার্মালেন, আর্থার আর রাফিনিয়া। ঠিক চেনা রুপে পাওয়া যাচ্ছে না কৌতিনিওকেও। তাই বলা যায়, প্রথম লেগে শুরুর একাদশে মেসিকে না খেলিয়ে যে ভুল করেছিলেন আর্নেস্তো ভালভার্দে। তার খেসারত টানতে হতেও পারে এই আসরের বর্তমান চ্যাম্পিয়নদের।

