শুধু বিএনপি নয়, সকল রাজনৈতিক দলই একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাতিলের দাবি জানিয়েছেন বলে মন্তব্য করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
তিনি বলেন, এটা কোন নির্বাচন হয়নি, এটাকে গ্রহন যোগ্য নির্বাচন বলা যায় না। এই নির্বাচনে জনগণের কোন অংশগ্রহণ ছিলো না।
জয়নুল আবেদীন বলেন, অনেক দিন বিএনপি কোন জনসভা করতে পারেনি। সমাবেশের অনুমতি চাইলে, যেকোন কারণেই হোক শেষ মুহূর্তে এসে জনসভার অনুমতি দেয়া হয়। বরিশাল থেকে শুরু হয়েছে অনুমতি দেয়ার। তাও অনেক পোড়াতে হয়েছে।
তিনি বলেন, যদিও জনসভা করা বা বিভিন্ন প্রোগ্রাম করা আমাদের গণতান্ত্রিক অধিকার কিন্তু এগুলো সব আমাদের ভুলে যেতে হবে। যে গণতান্ত্রিক অধিকার বলতে কোন জিনিস নেই। সভা সমাবেশের অনুমতি বড় কর্তাদের ইচ্ছে হলে অনুমতি দিবে না হলে দিবে না। সরকার যখন নির্দেশ দিবে যে সমাবেশ করার অনুমতি দিয়ে দাও, তখন অনুমতি দেয়া হয়, না হলে দেয়া হয় না।
বিএনপির এই নেতা বলেন, রাজনৈতিক দলের বিভিন্ন রকম রাজনৈতিক কর্মসূচি থাকে এটা সব সময়ই হয়ে থাকে। বিএনপি তার নিজস্ব গতিতে রাজনীতি করছে।
তিনি বলেন, গত ২৯ ডিসেম্বর যেই নির্বাচন হলো তাতে কিন্তু আওয়ামী লীগের লোকের মধ্যেও ক্ষোভ রয়েছে। আমি ভোট দিলাম না কিছু দিলাম না কিন্তু আমার নেতা এমপি হয়ে গেছে। এটা কিন্তু এক সময় ব্লাস্ট হবে। আর সেই ব্লাস্টের জন্য আপনাকে আমাকে অপেক্ষা করতে হবে। রাজনীতিতে ভুল হয়, কিন্তু জনগণ কখনও ভুল করে না।

