একাত্তর বাংলাঃ রাজধানীতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন, নাইম ও জামাল। র্যাব বলছে, তারা আন্তঃডাকাত দলের সদস্য ছিলেন।
শুক্রবার (৫ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে সাতরাস্তা এলাকায় একটি চেকপোস্টে এ ঘটনা ঘটেছে।
ঘটনাস্থল থেকে তাদের ব্যবহৃত একটি চোরাই পিকআপ ভ্যানসহ বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে র্যাব।
র্যাব-২ কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, বৃহস্পতিবার (৪ এপ্রিল) গাড়ি ছিনতাইকারী ও ডাকাতি চক্রের হানিফ ও লিটনকে গাজীপুর থেকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে নাঈম ও জামালকে আটক করতে মাঠে নামে র্যাব।
রাতে সাতরাস্তা এলাকায় র্যাবের চেকপোস্টে পিকআপ ভ্যানে অতিক্রম করে যাওয়ার সময় তাদের থামতে বলা হয়। এ সময় না থেমে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন তারা। পাল্টা গুলি চালালে দুই ডাকাত গুলিবিদ্ধ হন।
পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ডাকাত দলের দুই সদস্যকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মহিউদ্দিন ফারুকীসহ র্যাবের তিন সদস্য আহত হন।

