আসন্ন রমজান মাস উপলক্ষে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিসের নতুন সময় সূচি ঘোষণা করেছে মন্ত্রিসভা। সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলেবে অফিসের কার্যক্রম। এর মাঝে দুপুর সোয়া একটা থেকে ১টা ১.৩০ মিনিট পর্যন্ত থাকবে যোহরের নামাযের জন্য বিরতি।
বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
রমজান মাসে অফিসের এই নতুন নির্ধারিত সময় কিছুটা হলেও শান্তি দেবে ধর্মপ্রাণ মুসল্লিদের। বিকেলে নিজেদের ইফতার নিজেদেরই তৈরি করতে হয় অনেক চাকুরিজীবীকে। তাছাড়া ঢাকা শহরে ইফতারের আগে সড়কে ট্রাফিক জ্যাম এক বাড়তি ভোগান্তি তৈরি করে। সব মিলিয়ে এই নতুন সময় কিছুটা হলেও ভোগান্তি কমাবে।
তবে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান এ সময়সূচির আওতার বাইরে থাকবে। এসব প্রতিষ্ঠান তাদের নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে। এছাড়া সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব কোর্টের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।
উল্লেখ্য, রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে এ বছর রোজা শুরু হতে পারে ১২ বা ১৩ মার্চ।

