একাত্তর বাংলা রিপোর্টঃ প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এ সময় বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। মানুষ ভোট দিতে পারেনি। দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হলে প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে।
শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর চায়না মোড় এলাকায় তাঁতীদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওয়াহাব আকন্দ আরও বলেন, বিগত ৫ আগষ্টের আগে মিছিল করার জন্য লোক পাওয়া যেন না। আর এখন লোকের কারণে মিছিলে স্থান পাওয়া কঠিন। কিন্তু বিএনপির রাজনীতিতে নতুন বা বিতর্কিত কোন লোকের দরকার নেই। বিগত সময়ের পরীক্ষিতরাই দলে যে কোন সিদ্ধান্তে প্রাধান্য পাবে। এ সময় দলীয় নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানিয়ে তিনি বলেন, দেশ এবং দেশের বাইরে থেকে ষড়যন্ত্র চলছে। যে কোন সময় যেকোন ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই সঙ্গে সংগঠন শক্তিশালী করতে কাজ করে যেতে হবে।
ময়মনসিংহ মহানগরীর ৩১, ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ড তাঁতীদলের এই কর্মী সভায় সংগঠনের মহানগর শাখার আহবায়ক ডাঃ মো জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব আনোয়ার পারভেজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, অ্যাডভোকেট এম.এ হান্নান খান, মহানগর বিএনপির সদস্য ও জেলা পরিবহন মালিক সমিতির সদস্য সচিব রতন আকন্দ, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

