হারুনুর রশিদ, ময়মনসিংহ ব্যুরোঃ ময়মনসিংহের জজকোর্ট ভবনের সামনে বিচার বিভাগীয় কর্মচারী কল্যাণ সমিতির দোকান নির্মাণকে কেন্দ্র করে আদালত পাড়ায় উত্তেজনা বিরাজ করছে।নির্মাণাধীন দোকানের কাঠামো ভেঙ্গে দিয়েছে আইনজীবীরা।
এসময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে ৮/১০জন আহত হয়েছে বলে দাবী করেছে উভয়পক্ষ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ময়মনসিংহ জজর্কোট আদালত ভবনের সামনে কয়েকদিন ধরে বেশকয়েকটি দোকান নির্মাণ কাজ শুরু করে বিচার বিভাগীয় কর্মচারী কল্যাণ সমিতির নেতারা। এতে আইনজীবীরা বাধা দিলেও কাজ বন্ধ হয়নি।
পরে আজ (মঙ্গলবার) বিকেলে আইনজীবীরা নির্মাণাধীন দোকানগুলো ভেঙ্গে ফেলে। এসময় উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এনিয়ে আদালত প্রাঙ্গনে উত্তেজনা দেখা দেয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হালিম জানান, জেলা জজের অনুমতি নিয়ে তারা দোকান নির্মাণ করছেন। আইনজীবীরা অন্যায়ভাবে নির্মাণাধীন দোকানগুলো ভেঙ্গে ফেলে এবং তাদের মারধর করে।
এদিকে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদর আহমেদ জানান, নিয়ম বহির্ভুতভাবে দোকানগুলো নির্মাণ করা হচ্ছে । এতে আদালত নিরাপত্তার ঝুঁকিতে পড়বে। বিষয়টি জেলা জজকে অবহিত করা হয়েছে। এখানো কোনোভাবেই দোকান নির্মাণ করতে দেয়া হবে না।

