সুমন ভৌমিকঃ ময়মনসিংহে ডিবি পুলিশের দুইটি অভিযানে ৫ জুয়াড়ি ও ২ জন মাদক ব্যবসায়ীসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এই পৃথক অভিযানে জুয়ার সামগ্রী, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
ময়মনসিংহ গোয়েন্দ সংস্থার অফিসার ইনচার্জ শাহ্ মোঃ কামাল আকন্দ (পিপিএম-বার) জানান, পুলিশ সুপার আহমার উজ্জামান (পিপিএম-সেবা) এর নির্দেশনায় ডিবি পুলিশ জেলায় মাদক, সন্ত্রাসী, অস্ত্রবাজ, জুয়াড়ি ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের মাধ্যমে কাজ করে যাচ্ছে।
নিয়মিত এক অভিযানে ডিবির এসআই আব্দুল জলিল সংগীয় ফোর্স শনিবার সন্ধ্যায় ঈশ্বরগঞ্জের ভালুকবেড় এলাকা থেকে জুয়ার আসর চলাকালে ৫ জুয়াড়িকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে জুয়ার সামগ্রী উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আল আমিন, সোহাগ মিয়া, জামাল উদ্দিন, রোকন মিয়া ও মোঃ ফেরদৌস। তারা সবাই একই এলাকার বাসিন্দা।
নিয়মিত অপর অভিযানে এসআই মোঃ মনিরুজ্জামান সংগীয় ফোর্স হালুয়াঘাটের দক্ষিণ আমির খারুয়া থেকে ২ মাদক ব্যবসায়ী আঃ মজিদ ও বজলুর রহমানকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বাড়ি বাঘাইতলায়। তাদের নামে মামলা হয়েছে। রবিবার দুপুরে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

