নিজস্ব প্রতিবেদক
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।
এবার ভর্তি পরীক্ষায় পাস করা শিক্ষার্থীর সংখ্যা ৪৯ হাজার ৯২৩ জন। পাসের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ।
রোববার মহাখালীর পুরাতন স্বাস্থ্য অধিদপ্তরের বিল্ডিংয়ে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।
এ সময় মন্ত্রী বলেন, ‘পরীক্ষায় পাস নম্বর আগের বছরের মতো ৪০ শতাংশ নির্ধারিত ছিল। তারই ভিত্তিতে মোট ৪৯ হাজার ৯২৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ। এর মধ্যে পুরুষ প্রার্থী ছিল ২০ হাজার ৪৫৭ জন। অর্থাৎ উত্তীর্ণ প্রার্থীর ৪০ দশমিক ৯৮ শতাংশ।’
এর আগে শুক্রবার (৯ ফেব্রয়ারি) সকাল ১০টায় নিরাপত্তার মধ্য দিয়ে সারাদেশে একযোগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু হয়। শেষ হয় বেলা ১১টায়। সারাদেশের ১৯ কেন্দ্রের ৪৪টি ভেন্যুতে মেধাযুদ্ধে বসেন এক লাখ চার হাজার ৩৭৪ শিক্ষার্থী।

