বিনোদন প্রতিবেদক
সুবীর নন্দী- দেশীয় সংগীতাকাশের উজ্জ্বল এক নক্ষত্রের নাম। আধুনিক গান থেকে সিনেমার গান- সবখানেই অবাধ বিচরণ ছিল বরেণ্য এই গায়কের। তার গান শুনে মুগ্ধ হননি এমন শ্রোতা নেই বললেই চলে। বাংলা গানের জগতে কিংবদন্তি এই শিল্পী ২০১৯ সালের ৯ মে চলে যান না-ফেরার দেশে। এবার এই শিল্পীর গাওয়া অপ্রকাশিত একটি নতুন গান প্রকাশ পাবে চলতি সপ্তাহেই।
‘ঘুম’ শিরোনামের এই গানটি লিখেছেন এ সময়ের ব্যস্ত ও তরুণ গীতিকার সোমেশ্বর অলি। গানটি সুর ও সংগীত করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক তানভীর তারেক। ‘গেছো ঘুম নিঝুম নিরালায়/জেগে আছি দুচোখ জানালায়’ কথার গানটির কাজ এরই মধ্যে শেষ বলে জানিয়েছেন তানভীর তারেক।
দীর্ঘদিন ধরে সুবীর নন্দীর কিছু গান নিয়ে কাজ করছিলেন এই গায়ক ও সংগীত পরিচালক। দুঃখজনক বিষয় হলো, গানগুলো মুক্তির আগেই প্রয়াত হন বরেণ্য শিল্পী সুবীর নন্দী।
‘ঘুম’ গানটি প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘সুবীর দা আমার সংগীতজীবনের অনেক বড় একটা অনুপ্রেরণার নাম। আমার সংগীতের যেকোনো বিষয়ে তিনি আমাকে বরাবরই সাহস জুগিয়েছেন। একদিন এক আড্ডায় আমাকে তিনি বলেন-তানভীর, তোমরা এ সময়ের সুরকার। আমার জন্য কিছু গান বাঁধো। গেয়ে যাই।’
তানভীর তারেক আরও বলেন, ‘আমার কাছে দাদার এই কথাটি অনেক বড় পুরস্কারের মতো ছিল। এরপর আমি আমার স্টুডিওতে সুবীর দার জন্য নিয়মিত গান তৈরির কাজে লেগে যাই। আমরা দীর্ঘ সময় নিয়ে গানগুলোর কাজ করেছি। সুবীর দা আর আমি আমার স্টুডিও কোলাহলে মাঝরাত অবধি দিনের পর দিন সময় কাটিয়েছি। অ্যালবামে ঢাকা-কলকাতার মিউজিশিয়ানরা বাজিয়েছেন। এভাবে আমরা ১০টি গান কমপ্লিট করি। এর ভেতরে একটি গান আমি আমার চ্যানেলে রিলিজ দিয়েছি। সোমেশ্বর অলির লেখা এই গানটি হবে আমার সেই প্রজেক্টের দ্বিতীয় রিলিজ। বাকি আটটি গান ধারাবাহিকভাবে মুক্তি দেওয়া হবে।’
গানটি প্রসঙ্গে গীতিকবি সোমেশ্বর অলি বলেন, ‘তানভীর ভাইকে অনেক আগে দুটি গান দিয়েছিলাম। তার ভেতরে এই গানটি তিনি কবে কখন সুর করে সুবীর দাকে দিয়ে গাইয়ে রেখেছেন, সত্যিই আমি জানি না। আমি শুনে অবাক। আমার জন্য এটা সারপ্রাইজ ছিল! কিছুটা আবেগ্রাক্রান্ত হয়ে গেলাম। মনে হচ্ছিল এ আই দিয়ে দাদাকে আবার ফিরিয়ে আনলাম। তানভীর ভাইয়ের সুরে দাদার নিজস্ব কণ্ঠের এই আনরিলিজ ট্র্যাক সত্যিই শ্রোতাদের জন্য বিশেষ উপহার হয়ে থাকবে বলে আমার বিশ্বাস। অসাধারণ সুর করেছেন তানভীর ভাই।’
গানটি ‘সাউন্ডস অব তানভীর’-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও স্বাধীন মিউজিক অ্যাপে মুক্তি পাবে। গ্লোবালি স্পটিফাই, আইটিউনসসহ বাকি সব প্ল্যাটফরমেও গানটি পাওয়া যাবে।

