প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইসলামী পর্যটনকে বিশ্ব বাণিজ্য ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক সচেষ্ট হতে হবে এবং রোডম্যাপ থাকা জরুরি। তিনি আরও বলেন, মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে, তবেই মুসলমানদের ভাগ্য নিয়ে কেউ খেলতে পারবে না। সে জন্য ওআইসি সদস্য দেশগুলোকে সতর্ক থাকতে হবে।
এ সময় ইসলামী পর্যটক বাড়াতে ওআইসি দেশগুলোর ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
দুই দিনব্যাপী ‘ওআইসি সিটি অব ট্যুরিজম-২০১৯’ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ অনুষ্ঠানের উদ্বোধনে তিনি এসব কথা বলেন।
এ সময় ওআইসির এসিসট্যান্ট সেক্রেটারি মুসা কুলাকলিকায়াসহ ৩০টি ওআইসি সদস্য দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অধিবেশনের পর বাংলাদেশ পর্যটন বোর্ড (বিটিবি) বিকেলে ওআইসি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের জন্য ঢাকা শহরের ট্যুরের ব্যবস্থা করবে। ওআইসি প্রতিনিধিদল শুক্রবার নারায়ণগঞ্জের প্রায় ৫০০ বছর পুরোনো পানাম নগরী পরিদর্শন করবে।

